ডেস্ক রিপোর্ট ।।
নারায়ণগঞ্জের বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে নিজ স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় সুমাইয়া আক্তার বর্ষা (২১) এর স্বামী অভিযুক্ত মোস্তাফিজুর রহমান নয়নকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলী সাহারদী এলাকায় এ ঘটনা ঘটে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ২০১৩ সালে আলী সাহারদী এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান নয়নের সঙ্গে রাজধানীর কদমতলী থানার দনিয়া শরাইল এলাকার বাসিন্দা মনজুর ভূঁইয়ার বড় মেয়ে সুমাইয়া আক্তার বর্ষার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র বাবদ ১০ লাখ টাকা খরচ করে বর্ষার পরিবার। বর্ষার সংসারে সাড়ে চার বছরের এক মেয়েও রয়েছে।
বর্ষার বাবা মনজুর ভূঁইয়া জানান, প্রায় এক বছর আগে নিজের জমি বিক্রি করে বেশ কিছু টাকা হাতে পান তিনি। সেই টাকা নিজের ব্যবসায় বিনিয়োগ করে ফেলেন। তবে জমি বিক্রি করে তিনি টাকা পেয়েছেন সেই খবর জানতে পেরে মেয়ের জামাতা নয়ন ব্যবসা করার অজুহাতে বর্ষার মাধ্যমে তার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন।
এ নিয়ে নয়ন ও বর্ষার মধ্যে পারিবারিক কলহ চলতে থাকে। দাবিকৃত সেই টাকা এখন পর্যন্ত না দে্ওয়ার নয়ন তার স্ত্রী বর্ষার উপর বেশ কিছুদিন ধরে মারধরসহ নানাভাবে শারীরিক নির্যাতন করে আসছেন। ঈদের কয়েকদিন আগে থেকে এ পর্যন্ত প্রতিদিনই বর্ষাকে মারধর করতেন নয়ন। দাবিকৃত টাকার অজুহাতে সোমবার রাতে নয়ন তার স্ত্রী বর্ষাকে আবারো মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যা করেন।






















