আইন ও আদালত ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০০

মামুনুলসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ২২ জনের বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানায় দায়ের করা গাড়ি ভাঙচুরের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১০-এর বিচারক মামুনুর রহমান ছিদ্দিকীর আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী প্রদীপ কুমার সাহা।

আজ সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় আদালত অবশিষ্ট সাক্ষ্য ও জেরার জন্য আগামী ১৭ অক্টোবর (মঙ্গলবার) দিন ধার্য করেছেন।

মাওলানা মামুনুল হকের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমর্থিত ৪০০ থেকে ৫০০ জন নেতাকর্মী লাঠিসোঁটাসহ সজ্জিত হয়ে গাবতলী এলাকায় মিছিল বের করে। এরপর গাবতলীর আল্লাহর দান হোটেলের সামনে পৌঁছে গাবতলী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের গতিরোধ করে গাড়ির সামনের এবং পাশের গ্লাস ভাঙচুর করে। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়। এ সময় আটটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।


আমাদেরকাগজ/এইচএম