নিজস্ব প্রতিবেদক: ঢাকায় মহাসমাবেশ করে সরকার হটানোর এক দফা আন্দোলনের নতুন কর্মসূচিতে রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগও।
তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, দুই দলের একদলও তাঁদের কাছে অনুমতি নেয়নি। তাই দুই দলের এই সমাবেশ করতে দেবেন না তাঁরা।
শুক্রবার (২৮ জুলাই) রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো ডিএমপি কশিনার খন্দকার গোলাম ফারুকের এক বক্তব্যে এ তথ্য জানানো হয়েছে।
তবে এর আগে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এখন থেকে আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। কর্মসূচি পালনের জন্য আমরা আর অনুমতি নেব না।’






















