আইন ও আদালত ১০ জুলাই, ২০২৩ ০৬:১৪

জবি শিক্ষার্থী খাদিজার জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিন শুনানি চার মাসের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) করেছেন আপিল বিভাগ।

সোমবার (১০ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খাদিজার পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস কচি ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। শুনানিতে খাদিজার আইনজীবীরা বলেন, তিনি (খাদিজা) ইউটিউব চ্যানেলে উপস্থাপনা করতেন। অতিথিরা যা বলেছেন, এর দায় তাঁর নয়।

তখন আপিল বিভাগ বলেন, আপনি নিজস্ব ইউটিউব চ্যানেলে টকশোতে ইন্টারভিউ’র জন্য কাউকে ডাকলে তিনি যা বলবেন, তাঁর দায়িত্ব কেন নেবেন না? যে বক্তব্যের জন্য এ মামলা, সেখানে খাদিজা কিছু বোঝে না, এটা বলা যায় না। কারণ সে অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। গত ১৬ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় খাদিজাতুল কুবরাকে জামিন দেন হাইকোর্ট। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।


আমাদেরকাগজ/এইচএম