আইন ও আদালত ১৩ এপ্রিল, ২০২৩ ০১:৫১

দুদক মামলায় তারেক-জোবায়দার বিচার শুরু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে রোববার (৯ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। 

মামলার বিবরণ থেকে জানা যায়, জ্ঞাত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক।

তথ্য অনুযায়ী, এদিন বিচারক আদেশ দিয়েছেন, তারেক-জোবায়দা ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগ করতে পারবেন না। 

সেদিন পলাতক তারেক-জোবায়দার পক্ষে ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগ করতে শুনানি করেন তাদের আইনজীবী। অন্যদিকে দুদক এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আদেশের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেন।

আদালতে পলাতক আসামিপক্ষে আইনজীবী নিয়োগ করতে অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার শুনানি করেন। অপরদিকে দুদকের আইনজীবী মীর আহাম্মদ আলী সালাম পলাতক আসামিপক্ষে আইনজীবী নিয়োগের বিরোধিতা করেন।

এ মামলায় ২০২২ সালের ১ নভেম্বর তারেক রহমান ও জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে তারা পলাতক।

মামলায় আসামি করা হয় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুকে। জোবায়দা রহমানের মা মারা যাওয়ায় এ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

আমাদের কাগজ/এমটি