নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের হিলিতে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বাল্যবিয়ের দায়ে আরিফ হোসেন (২১) নামে এক যুবককে এক বছরের এবং তার নানা আশরাফ আলীকে (৭৯) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার, ৪ এপ্রিল বিকেলে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এ অভিযান পরিচালনা করেন। আরিফ হোসেন হিলি গ্রামের রকিব উদ্দিনের ছেলে। আশরাফ আলী হিলির বড়ডাংগাপাড়া গ্রামের মৃত আখের আলীর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম জানান, আরিফ হোসেন নামে ওই যুবক একই এলাকার নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে সোমবার রাতে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে আসে। সে কিশোরীকে নিয়ে উপজেলার ডাংগাপাড়ায় তার নানার বাড়িতে নিয়ে ওঠে। এ সময় তার নানা নিজে সাক্ষী হয়ে তাদের বাল্যবিয়ে দেয়। মঙ্গলবার সকালে ওই কিশোরীর বাবা নিজে এসে আমার কাছে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে ছেলের নানার বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত এবং তার নানাকে আটক করা হয়। এ সময় তারা অভিযোগ স্বীকার করলে বাল্যবিয়ের দায়ে বরকে এক বছরের কারাদণ্ড ও বরের নানাকেও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
আমাদেরকাগজ/ এইচকে






















