নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’-র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ গেজেটে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করে।
এর আগে ২০২২ সালের ১১ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’-র সঙ্গে "জয় বঙ্গবন্ধু" গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেলসহ ১৩ আইনজীবী রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
প্রসঙ্গত, ২০২২ সালের ২০ জুন বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’-র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু‘ যুক্ত করার পদক্ষেপ গ্রহণে সরকারকে আইনি নোটিশ প্রেরণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এ নোটিশ প্রেরণ করা হয়। সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবী এ নোটিশ প্রেরণ করেন।
আমাদেরকাগজ/এইচএম






















