আইন ও আদালত ২৭ মার্চ, ২০২৩ ০৫:১৭

র‍্যাব হেফাজতে মৃত্যু: ময়নাতদন্ত প্রতিবেদন চায় হাইকোর্ট

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ প্রতারণার অভিযোগে অভিযুক্ত সুলতানা জেসমিন (৪৫) নামের ওই নারীর নওগাঁয় র‍্যাব হেফাজতে মারা যাওয়ার ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন দেখতে চেয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এ ছাড়া রাষ্ট্রপক্ষকে মঙ্গলবার (২৮ মার্চ) সকালের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২২ মার্চ নওগাঁ শহর থেকে সুলতানা জেসমিন নামের ওই নারীকে প্রতারণার অভিযোগে আটক করে র‌্যাব। একদিন পর (২৪ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃতের স্বজনদের দাবী, এক সন্তানের জননী জেসমিনের ১৭ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। তার বিরুদ্ধে কখনও কোনো দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগ নেই। জেসমিনের ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদ হোসেন সৈকতের অভিযোগ, র‍্যাবের হেফাজতে নির্যাতনের কারণে তার মায়ের মৃত্যু হয়েছে।

র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব বলেন, আর্থিক প্রতারণার অভিযোগ জেসমিনকে আটক করে র‍্যাব। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব হেফাজতে নেওয়া হয়। 

কিন্তু আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান নাজমুস সাকিব।

আমাদের কাগজ/এমটি