আইন ও আদালত ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:৫১

হাজি সেলিমের ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালত প্রতিবেদক:  নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজি মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর আসামিপক্ষের সময়ের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

জানা যায়, মামলাটিতে এদিন চার্জশুনানির জন্য ছিল। কিন্তু আসামি এরফান সেলিম অসুস্থ মর্মে তার পক্ষে সময় আবেদন করা হয়। আর তার আনজীবী শ্রী প্রাণনাথ আইনজীবী সমিতির নির্বাচনের প্রার্থী হিসেবে ব্যস্ত থাকায় চার্জশুনানি পেছানোর আবেদন করেন।

শুনানি শেষে বিচারক উভয় আবেদন নামঞ্জুর করে এরফান সেলিমসহ পাঁচ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন এবং এরফান সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ৬ মার্চ সাক্ষগ্রহণের তারিখও ধার্য করেন আদালত।

বিচার শুরু হওয়া অপর ৪ আসামি হলেন এরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লা, গাড়িচালক মীজানুর রহমান, মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দীপু ও সহযোগী কাজী রিপন।

তাদের মধ্যে জাহিদুল বর্তমানে কারাগারে আছেন। মীজানুর ও দীপু জামিনে আছেন এবং কাজী রিপন পলাতক। আদালত অভিযোগ পড়ে শোনালে জাহিদুল, মীজানুর ও দীপু নিজেদের নির্দোষ দাবি করেন।

আমাদেরকাগজ/এইচএম