আইন ও আদালত ১৯ অক্টোবর, ২০২২ ০৭:৪৬

আদেশ না মানলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে: হাইকোর্ট

কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ‘অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করে সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষায় আপনার ভূমিকা কেবল শূন্যই না, নেগেটিভও। বার বার বলার পরও আপনি আদালতের আদেশ বাস্তবায়ন করেননি। আদালতের আদেশ মানেন, নইলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আপনি এ ঝুঁকিতে যাবেন না।’

বুধবার (১৯ অক্টোবর) কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামনুর রশিদকে এসব কথা বলেছেন উচ্চ আদালত।

শুনানি শেষে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আগামী ৯ নভেম্বর আদালতের আদেশ বাস্তবায়নের প্রতিবেদন দিতে বলেছেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। জেলা প্রশাসকের পক্ষে ছিলেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির।

এর আগে গত ২৫ আগস্ট সমুদ্র সৈকত এলাকার অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশনা না মানার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৯ অক্টোবর হাইকোর্টে হাজির হতে বলেন। সে অনুসারে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ হাইকোর্টে হাজির হন।

আদালত বলেন, কক্সবাজারকে সারাবিশ্বের মানুষ চিনে। সারা পৃথিবী কক্সবাজার সমুদ্র সৈকতের দিকে তাকিয়ে আছে। এত সুন্দর সৈকতকে আমরা ইউটিলাইজ করতে পারছি না। এখানে দায়িত্ব পেলেতো কাজ করার সুযোগ অনেক বেশি। আপনি সেই কক্সবাজারের জেলা প্রশাসক। কক্সবাজারের সৌন্দর্য রক্ষায় ভূমিকা রাখুন। আপনাকেও সারাবিশ্বের মানুষ চিনবে। সর্বোচ্চ আদালতের আদেশকে কাজে লাগিয়ে আপনি অবৈধ স্থাপনা উচ্ছেদ করুন। আদালতের আদেশ মানতেই হবে। না মানার কোনো সুযোগ নেই।

এ সময় জেলা প্রশাসক বলেন, আমি কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। এখন আদালতের আদেশ বাস্তবায়ন করবো।  

গত ৭ ফেব্রুয়ারি আইনি নোটিশ দেওয়া হয়েছিল। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠিয়েছিলেন।

নোটিশে বলা হয়, কক্সবাজার সৈকত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে সেখান থেকে সব অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করার আবেদন জানিয়ে জনস্বার্থে এইচআরপিবি আদালতে রিট মামলা দায়ের করলে আদালত রায় দেন। রায়ে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের জন্য নির্দেশনা দেন। জনস্বার্থ বিবেচনা করে হাইকোর্ট ২০১১ সালের ৭ জুন বিবাদিদের কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিলেও এখনও তা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়নি।

এরপর তিনি আদালত অবমাননার আবেদন করেন। গত ২৫ আগস্ট আদালত অবমানার অভিযোগের এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে তাকে তলব করেন।

যে পাঁচজনের বিরুদ্ধে রুল জারি করেছেন, তারা হলেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমেদ, উপ-পরিচালক, টাউন প্লানার তানভির হাসান, কক্সবাজার জেলা প্রশাসক মামুনর রশিদ, পুলিশ সুপার হাসানুজ্জামান ও কক্সবাজার পৌর মেয়র মজিবর রহমান।

আমাদের কাগজ//জেডআই