নিজস্ব প্রতিবেদক
খুলনায় আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কাস্টমস্ হাউসের কর্মচারী রাফেজা বেগম ওরফে নাজমা হায়দার রাফিজাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে এক কোটি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রাফেজা বেগম চট্টগ্রাম কাস্টমসে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, ‘২০১৫ সালের ২৯ এপ্রিল সোনাডাঙ্গা থানায় রাফিজার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে মামলা করেন।তদন্ত করেন দুদকের আরেক কর্মকর্তা শামীম ইকবাল।রাফেজা বেগমের স্বামী এম এম জাহাঙ্গীর আলমও কাস্টমস হাউসে কর্মরত। তাঁর বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।রায় ঘোষণাকালে রাফেজা বেগম আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, ‘রাফেজা বেগম তৃতীয় শ্রেণির কর্মচারী।তদন্তে তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত বিপুল সম্পত্তি অর্জনের প্রমাণ পাওয়ায় কারাদণ্ড ও জরিমানার আদেশ দেওয়া হয়েছে।






















