শিক্ষা ২২ আগস্ট, ২০২৩ ০২:১৯

মামাতো বোনের এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

আজ (মঙ্গলবার) মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিফা খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।  ঘটনাটি ঘটে মুন্সীগঞ্জের একটি মহিলা কলেজে। 

আটককৃত এই ভুয়া পরীক্ষার্থী মুন্সীগঞ্জ শহরের রনছ হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে জেসিয়া আক্তার (২০)।

সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর নুরুল ইসলাম জানান, আজ (মঙ্গলবার) সকালে প্রক্সি দিতে আসা জেসিয়া আক্তার নামে ভুয়া পরীক্ষার্থীকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মূল পরীক্ষার্থী সাদিয়া আক্তারকে বহিষ্কার করা হয়েছে।

জেসিয়া জানান, আমার মামাতো বোন সাদিয়া আক্তার মুন্সীগঞ্জ মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে অসুস্থতার কারণে পরীক্ষা দিতে আসতে না পারায় তার হয়ে পরীক্ষায় অংশ নিতে এসেছিলাম। 

নির্বাহী কর্মকর্তা আফিফা খান জানান, (মঙ্গলবার) সকালে ভুয়া পরীক্ষার্থী মামাতো বোনের হয়ে প্রক্সি দিতে আসে। পরে সে জানিয়েছে তার বোন অসুস্থ, তাই তার হয়ে একটি পরীক্ষায় অংশ নিতে এসেছে। আটককৃত শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরকাগজ/এমটি