শিক্ষা ৯ আগস্ট, ২০২৩ ১২:১১

ভবন থেকে পড়ে ইবি শিক্ষার্থীর মৃত্যু

ইবি প্রতিনিধি: ঢাকার একটি ভবনের ৬ তলা থেকে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরিন নুসরাতের মৃত্যু হয়েছে। নওরিন নুসরাত বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নওরিন নুসরাত স্বামীর সঙ্গে ঢাকায় ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে বাসার ৬ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে তাকে টাঙ্গাইলের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নওরিনের সহপাঠীরা বলছেন, নওরিন প্রাণবন্ত মানুষ ছিলেন। সব সময় হাসি খুশি থাকতেন। তার অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না।
এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য ঘটনা আছে তা তদন্তের দাবি জানান সহপাঠীরা।

বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক শাহিদা আক্তার আশা বলেন, তার মৃত্যুর বিষয়টি পরিবার থেকে নিশ্চিত হয়েছি। সে অনেক মেধাবী ছিল। ঘটনাটি শুনে অনেকটা অবাকই হয়েছি আমরা।


আমাদেরকাগজ/এইচএম