শিক্ষা ১৩ জুলাই, ২০২৩ ০৭:৩৮

তিতুমীর কলেজে আর আসা হবে না ফাহিমের

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুহাদ মাহমুদ ফাহিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

ফাহিম শরীয়তপুর জেলার পালং থানার সোনামুখি গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া শান্তিবাগ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন বলে জানা যায়।

জানা যায়, তিনি সকালে কলেজের যাওয়ার জন্য বাসা থেকে বের হন। এসময় কলেজগেট এলকায় এসে তিনি জলসিড়ি পরিবহনে উঠতে যান। এসময় ওই বাসের হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে হেলপার তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে ওই শিক্ষার্থীকে অন্য একটি বাস চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে এশিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে ওই হাসপাতাল ফাহিমকে ঢাকায় পাঠিয়ে দেয়। পরে তার পরিবারের লোকজন উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় হেলপারসহ বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 
 

আমাদেরকাগজ/এইচএম