নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাইয়ে নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে যাচ্ছে। আগামী আগস্টে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।
বুধবার (১২ এপ্রিল) তিনি জানান, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসসির নির্বাচনী পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও দিন-তারিখ চূড়ান্ত করা হয়নি।
২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবির ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
আর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ৩০ মে শুরু হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার।
আমাদেরকাগজ/এইচএম






















