লাইফস্টাইল ডেস্ক: বর্তমানে ডেটিং শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত। প্রেমিক-প্রেমিকারা আলাদাভাবে নিজেদের সময় উপভোগ করতে বিভিন্ন রেস্টুরেন্টে যান। খেতে খেতে গল্প করেন। মূলত এটাই হলো ডেটিং। তবে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন বলছে, নারীরা প্রেমের টানে নয়। বরং তারা পুরুষসঙ্গীদের সঙ্গে ডেটিংয়ে যান ফ্রিতে খাওয়ার জন্য। গবেষণা বলছে, ২৩-৩৩ শতাংশ নারীই এ ধরনের কাজ করেন।
সোসাইটি ফর পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি নামের একটি পত্রিকায় প্রকাশিত ওই সমীক্ষায় সাড়ে তিন শতাধিক নারীদের মতামতের ভিত্তিতে ওই রিপোর্ট সে সময় প্রকাশ করা হয়েছিল।
এই সমীক্ষাটি চলিয়েছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাজুসা প্যাসিফিক ইউনিভার্সিটির একদল গবেষক। এই সমীক্ষায় ১৮ বছর থেকে ৪৮ বছর বয়সী মোট ৩৫৭ জন নারীর মতামত নেওয়া হয়েছিল। তাদের মতামতের ভিত্তিতেই দেখা গিয়েছে তাদের মধ্যে অন্তত ৩৩ শতাংশ নারী শুধুমাত্র ফ্রিতে ভালো-ভালো খাবার খেতেই ডেটিংয়ে চলে যান বা ডেটে যেতে রাজি হয়ে যান! এই ধরনের ডেটিংকে ‘ফুডি কল’ বলে উল্লেখ করেছেন মার্কিন গবেষকরা।
গবেষকরা আরও বলছেন, ‘ফুডি কলস’ এর প্রবণতা যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রেই হতে পারে। আবার এটি শুধু নারীদের বেলায় হবে এমনটি নয়, পুরুষের বেলাতেও হতে পারে। যেহেতু এই গবেষণায় শুধু নারীদের প্রশ্ন করা হয়েছে, পুরুষের ক্ষেত্রেও এর ফলাফল একই হতে পারে।
এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির গবেষকরা এই ধরনের নারীদের ‘ফুডি কল’ হিসেবে উল্লেখ করেছেন। গবেষণা ফলাফল আরও বলছে, এ ধরনের নারীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পুরুষসঙ্গী খুঁজেন ও দফায় দফায় তা পরিবর্তন করেন। এসব নারী বিভিন্ন সময় নেতিবাচক কাজেও জড়িয়ে পড়েন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম






















