লাইফ স্টাইল ২৩ জুলাই, ২০২৩ ০৫:৫০

বর্ষায় রান্নাঘর পরিষ্কার রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: বর্ষায় সারাক্ষণই আকাশ মেঘলা আর কিছুক্ষণ পর পর বৃষ্টি। রোদের দেখা পাওয়াই মুশকিল। এ সময়ে তাই বাড়িঘরের বাড়তি খেয়াল রাখা জরুরি। বিশেষ করে রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় রান্নাঘর জুড়ে ভ্যাপসা গন্ধ ছড়াতে থাকে। এ সময়ে মশা-মাছির উপদ্রবও খুব বেড়ে যায়। রান্নাঘরে যদি মাছি ওড়ে, তা অত্যন্ত অস্বাস্থ্যকর। চলুন জেনে নেওয়া যাক কিভাবে রান্না ঘর পরিষ্কার রাখবেন-

আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন

বর্ষাকালে রান্নাঘর স্যাঁতস্যাঁতে হওয়ার অন্যতম কারণ হলো পর্যাপ্ত আলো-বাতাস না থাকা। তাই রান্নাঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। এতে রান্নাঘরের স্যাঁতসেঁতে ভাব দূর হয়ে যাবে। তাই রান্নাঘরের দরজা ও জানালা যতটা সম্ভব খোলা রাখার চেষ্টা করুন।

বেসিন ও সিঙ্ক পরিষ্কার রাখুন

রান্নাঘরের বেসিন ও সিঙ্ক সব সময় পরিষ্কার করে রাখতে হবে। কারণ এই জায়গাতেই সব ধরনের ধালা-বাসন ধোয়া হয়। এঁটো-কাঁটা লেগে থেকে দুর্গন্ধ ছড়াতে পারে, সেইসঙ্গে ছড়াতে পারে জীবাণুও। তাই এই জায়গা সব সময় পরিষ্কার রাখতে হবে। রান্না ও থালা-বাসন ধোয়ার কাজ হয়ে গেলে লিক্যুইড সোপ দিয়ে বেসিন ধুয়ে নেবেন। সামান্য ভিনেগার ও বেকিং সোডা দিয়েও পরিষ্কার করতে পারেন। এরপর একটি শুকনো কাপড় দিয়ে সেটি ভালো করে মুছে নেবেন। এতে আর স্যাঁতস্যাঁতে ভাব থাকবে না।

সুগন্ধি ব্যবহার করুন

রান্নাঘরে স্যাঁতস্যাঁতে ভাব সৃষ্টি হলে সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে পারে। এক্ষেত্রে রান্নাঘর তো পরিষ্কার করবেনই, সেইসঙ্গে সুগন্ধিও ব্যবহার করবেন। অর্থাৎ রান্নাঘর পরিষ্কার করা শেষ হলে সেখানে এয়ার ফ্রেশনার স্প্রে করে দেবেন। এতে দুর্গন্ধ দূর হবে অনেকটাই। সেইসঙ্গে দূরে থাকবে পোকা-মাকড়ও।


আমাদেরকাগজ/এইচএম