লাইফ স্টাইল ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৪০

স্ত্রীর কথা মেনে চললে কমে যায় হৃদরোগের ঝুঁকি!

ডেস্ক রিপোর্ট ।।

ভালো থাকতে চান? সুস্থ সবল জীবন যাপন করতে চান? তাহলে স্ত্রীর কথা শুনুন, তার সঙ্গে সময় কাটান। নিজের হৃদয় ও হৃৎযন্ত্রকে সুস্থ রাখার মোক্ষম দাওয়াই হচ্ছে, জীবনসঙ্গীর সঙ্গে নিয়মিত কথা বলা। এমনটিই বলছেন গবেষকেরা।

গবেষকেদের পরামর্শ হচ্ছে, সময় বের করে স্ত্রীর সঙ্গে কথা বলুন। অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়লেও কিংবা অবসন্ন হয়ে বিছানায় যেতে মন ছটফট করলেও স্ত্রীর সঙ্গে সময় কাটান, ইতিবাচক আলোচনা করুন।

স্ত্রীর সঙ্গে কথাবার্তা আপনার হৃৎযন্ত্রকে সুস্থতা নিশ্চিত করবে। সম্প্রতি মার্কিন গবেষকেরা এক গবেষণায় দেখেছেন, সঙ্গীর সঙ্গে ইতিবাচক কথাবার্তায় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়।

গবেষকেরা এই গবেষণার জন্য ২৮১ জন মধ্যবয়সী দম্পতির তথ্য বিশ্লেষণ করেছেন। গবেষকেরা দাবি করেছেন, আবেগ, শারীরিক সম্পর্ক প্রভৃতি বিষয়গুলোর সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত থাকে ইতিবাচক কথাবার্তা । আর এ বিষয়গুলোই স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে লাইভ সায়েন্স সাময়িকীতে। গবেষক জোসেফ অবশ্য বলেছেন, পুরু ক্যারোটিড অ্যার্টেরিসের সঙ্গে ইতিবাচক সম্পর্কের যোগসূত্র থাকতে পারে। অবশ্য এটি কার্যকারণ জাতীয় কোনো সম্পর্ক নয়।