লাইফস্টাইল ডেস্ক: বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয় হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার কারণে। তবে এখানে অন্যতম কারণ হলো কোলেস্টেরল। প্রায়ই আমাদের শিরা ও ধমনীর প্রাচীরে কোলেস্টেরল জমে যাওয়া। তার থেকেও সমস্যার কথা হলো কোলেস্টেরল আবার তার সাথে অন্যান্য স্নেহ পদার্থও জমায়। এ কারণে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় শরীরে।
তালিকায় সঠিক খাবার থাকা কোলেস্টেরলের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখতে হবে কোলেস্টেরল শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজেও লাগে। কোষের মেমব্রেন বা পর্দা গঠনের অন্যতম উপাদান কোলেস্টেরল। দেহে ভিটামিন ডি এবং টেসটসটেরন ও ইস্ট্রোজেন হরমোনের উৎপাদনেও এটি দরকারি। কোলেস্টেরলের মোটামুটি দুটি ভাগ- এলডিএল ও এইচডিএল। এলডিএল হলো খারাপ কোলেস্টেরল। অন্যদিকে ভালো কোলেস্টেরল হলো এইচডিএল। এলডিএল বাড়লেই সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ে। এক্ষেত্রে এইচডিএল বাড়তে শুরু করলে শরীরের পক্ষে ভালো।
রক্তের কোলেস্টেরল কমাতে চাইলে যেসব কাজ অবশ্যই করতে হবে তার মধ্যে রয়েছে- অ্যালকোহল পানের অভ্যাস থাকলে ছেড়ে দিতে হবে। ওজন কমাতে হবে, ধূমপান ছাড়তে হবে। গরুর মাংস, খাসির মাংস এড়িয়ে যাওয়াই ভালো। এছাড়া রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে জলপাইয়ের তেল এবং জলপাইয়ের তৈরি খাদ্য, সবজি, অ্যান্টি অক্সিডেন্ট-সম্বৃদ্ধ ফল, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, অপ্রক্রিয়াজাত দানাজাতীয় খাবার, মাছ ইত্যাদি খাবার তালিকায় রাখতে হবে।
আমাদের কাগজ//জেডআই






















