লাইফ স্টাইল ৮ নভেম্বর, ২০২২ ০৮:৪৯

ফেলনা টি ব্যাগ কাজে লাগাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: ব্যস্ত সময়ে খুব সহজে চা বানানোর উপায় হচ্ছে টি ব্যাগ দিয়ে। তবে চা বানানোর পরে আমরা ফেলে দেই টি ব্যাগ। কিন্তু নানাভাবে কাজে লাগানো যায় এসব টি ব্যাগ। চলুন জেনে নেই কাজে লাগানোর উপায়।
 
১। টি ব্যাগটি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানিতে পাতলা কাপড় ভিজিয়ে জানালা পরিষ্কার করে নিন। ঝকঝকে হবে জানালা।

২। ত্বক রোদে পুড়ে কালচে হয়ে গেলে টি ব্যাগ লাগান। ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ত্বকে চেপে চেপে লাগাবেন।

৩। ফুটন্ত পানিতে কয়েকটি টি ব্যাগ ফেলে লিকার বের করে নিন। ঠান্ডা হলে চুল ধুয়ে ফেলুন। ঝলমলে ও কালো হবে চুল।

৪। টি ব্যাগ থেকে লিকার বের করে হাত ধুয়ে নিলে হাতের দুর্গন্ধ দূর হবে। 

৫। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে টি ব্যাগ ফ্রিজে রেখে দিন।

৬। টি ব্যাগ থেকে চা পাতা সংগ্রহ করে গাছের গোড়ায় দিতে পারেন। দারুণ জৈব সারের কাজ করবে এটি।

৭। থালাবাসন থেকে দাগ উঠছে না? গরম পানিতে কয়েকটি টি ব্যাগ দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পরিষ্কার করুন। উঠে যাবে দাগ।

৮। চা পাতায় থাকা ট্যানিন ও ক্যাফিন চোখের ফোলা ভাব কমায়। দূর করতে পারে ডার্ক সার্কেলও। টি ব্যাগ বরফ পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর টি ব্যাগ চোখের উপর ধরে থাকুন মিনিট দশেক। প্রতি দিন ঘুমনোর আগে এটি করতে পারলে সপ্তাহ দুয়েকের মধ্যেই ডার্ক সার্কেল কমবে অনেকটা।

আমাদের কাগজ//জেডআই