লাইফ স্টাইল ২৭ ডিসেম্বর, ২০২০ ০৯:০৪

ঘরেই করে ফেলুন মজাদার চিকেন পট রোস্ট

ডেস্ক রিপোর্ট

বাড়ির সবার জন্য এক দিন রান্না করতে পারেন আস্ত মুরগির পদ। দারুন মজাদার চিকেন রোস্ট করার চাইলে দেখে নিতে পারেন এক ঝলক।

উপকরণ: বড় মুরগি (চামড়াসহ) ১টি, মাখন ৩ টেবিল চামচ, লেবুর রস ৩ টেবিল চামচ, জলপাইয়ের তেল অথবা সয়াবিন তেল ১ টেবিল চামচ, রসুনকুচি ২ টেবিল চামচ, রোজমেরি ১ টেবিল চামচ, আদাকুচি ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, গোলমরিচের গুঁড়া ২ চা-চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, বড় লাল পেঁয়াজ ১টি, বড় রসুন ১টি, গাজর ২টি, নতুন ছোট আলু আধা কেজি, ব্রকলি ১টি, লবণ সামান্য।

সসের জন্য উপকরণ: বেক করা সবজি আধা কাপ; পেঁয়াজ, রসুন, জলপাই তেল ১ টেবিল চামচ; টমেটো (টুকরা করা) ১টি ও চিকেন স্টক কিউব ১টি।

প্রণালি: গাজর, ব্রকলি টুকরা করে নিন। নতুন আলুর চামড়া ফেলে ধুয়ে রাখুন। মুরগি পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখুন। মাখনের সঙ্গে রসুনকুচি, লেবুর রস, আদাকুচি, জলপাই তেল, গোলমরিচের গুঁড়া, রোজমেরি, ধনেপাতাকুচি একসঙ্গে মিশিয়ে মুরগির পেটের ভেতর এবং বাইরে ভালোভাবে মেখে নিন। ২ ঘণ্টা ঢেকে রাখুন। মেরিনেট করা মুরগির পেটের ভেতরে বড় পেঁয়াজের টুকরা, ১টি রসুন (২ টুকরা করা), আলু, ব্রকলি, গাজরের টুকরা, ধনেপাতাকুচি, রোজমেরি, গোলমরিচের গুঁড়া ঢুকিয়ে নিন। বেকিং ট্রেতে ফয়েল বিছিয়ে এর ওপর মুরগি দিন। বাকি সবজি, পেঁয়াজ, রসুন মুরগির চারপাশে দিয়ে দিন। প্রি-হিট ওভেনে ২০০ ডিগ্রিতে ১ ঘণ্টা বেক করুন। সোনালি রং না এলে আরও ১০ মিনিট বেক করুন। তৈরি করা সসের সঙ্গে পরিবেশন করুন।

সস তৈরি: ১ টেবিল চামচ জলপাই তেলে ১টি টমেটো কুচি করে ভাজুন। নরম হয়ে এলে বেক করা কিছু সবজি, পেঁয়াজ, রসুন ও মুরগি থেকে বের হওয়া তেল দিয়ে ভাজুন। চিকেন স্টক কিউব ও ২ কাপ পানি দিয়ে ফুটান। পানি ২ কাপ হয়ে এলে ছেঁকে সস তৈরি করে নিন।