অর্থ ও বাণিজ্য ৬ এপ্রিল, ২০২৩ ০৫:৪৭

কমলো চিনির দাম

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস সামনে রেখে চিনির বাজারে অস্থিরতা কমাতে স্বস্তির খবর দিলো বাণিজ্য মন্ত্রণালয়। খোলা ও প্যাকেটজাত চিনির দাম খুচরা পর্যায়ে কেজিতে ৩ টাকা কমানোর ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। শনিবার (৮ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ এপ্রিল থেকে নতুন দামে বিক্রি হবে চিনি। খুচরা পর্যায়ে কেজিতে ৩ টাকা কমেছে খোলা ও প্যাকেটজাত চিনি। প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি বিক্রি হবে ১০৪ টাকায়; আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে প্রতি কেজি ১০৯ টাকায়।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আজকের বাজারদরের তালিকায় দেখা গেছে, ঢাকার বাজারে এখন প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১১২ টাকা থেকে ১১৫ টাকা। তবে বাজার ঘুরে দেখা গেছে, খোলা চিনি কেজিপ্রতি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১১২ থেকে ১৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

জানা গেছে, নিয়ন্ত্রিত সরবরাহের কারণে দেশের বাজারে কয়েক মাস বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি। সমস্যা সমাধানে বাজার স্বাভাবিক করতে শুল্ক কমানোর সুপারিশ করে গত জানুয়ারিতে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপরই এনবিআর শুল্ক কমানোর উদ্যোগ নেয়। এনবিআর চিনি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নামিয়েছে। একই সঙ্গে প্রতি টন অপরিশোধিত চিনি আমদানিতে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনিতে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। এ সুবিধা আগামী ৩০ মে পর্যন্ত বলবৎ থাকবে।


আমাদেরকাগজ/এইচএম