নিজস্ব প্রতিবেদক।।
কমলাপুরে ট্রেনের পরিত্যক্ত বগি থেকে উদ্ধার হওয়া মাদরাসাছাত্রী আসমা খাতুনকে (১৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্তের পর এমন ধারণা করেন ঢামেক ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস। তিনি বলেন, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে নির্যাতনের চিহ্নও পাওয়া গেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাধিক ব্যক্তি দ্বারা ধর্ষণ হয়েছে কিনা, এর জন্য টিস্যু, (হাই ভ্যাজাইনাল সফ) রক্ত ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষায় পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
নিহত নাম আসমা আক্তার (১৮)। তিনি পঞ্চগড়ের বাসিন্দা। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আসমা স্থানীয় এক মাদ্রাসার ছাত্রী ছিলেন।
প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের পরিত্যক্ত বগির শৌচাগার থেকে মাদরাসাছাত্রী আসমা খাতুনের মৃতদেহটি উদ্ধার করে ঢাকা রেলওয়ে পুলিশ।






















