নিজস্ব প্রতিবেদক
ফেনীর সোনাগাজীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম তমিজ উদ্দিন নয়ন (৫০)। তিনি সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের চুনি মাঝির নতুন বাড়ির বাসিন্দা ও স্থানীয় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।
সোনাগাজী থানার ওসি (তদন্ত) আাবদুর রহিম সরকার জানান, এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করছেন। কিশোরীকে জবানবন্দি গ্রহণের জন্য ফেনীর আদালতে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বয়স ১৪ বছর। তমিজ উদ্দিন নয়ন সম্পর্কে কিশোরীর বাবার চাচাতো ভাই। ধর্ষণের শিকার কিশোরীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তমিজ উদ্দিন নয়নকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, কিশোরীর বাবা একজন কাঠুরে। কিশোরী জানায়, এ ঘটনা কারও প্রকাশ করলে তার বাবাকে নয়ন কাজ বের করে দেওয়ার এবং তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী পুলিশ সুপার সাইকুল ইসলাম ভূইয়া (সোনাগাজী সার্কেল) ও থানা পুলিশ সদস্যদের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিশোরীর বাবা।






















