ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জের দুই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬৮ বস্তা চালসহ চারজনকে আটক করেছে পুলিশ। দোয়ারাবাজারে ৫৮ বস্তা চালসহ দুজনকে এবং তাহিরপুরে ১০ বস্তা চালসহ দুজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের আনোয়ার হোসেন ও মাসুক আলীকে ৫৮ বস্তা চালসহ আটক করা হয়। এর মধ্যে আফসরনগর গ্রামের মফিজ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা এবং পাশের শ্রীপুর বাজারের আনোয়ার হোসেনের দোকান থেকে ১৪ বস্তা চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল আছে।
একই সময় তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রাম থেকে পাচারকালে ১০ বস্তা চালসহ পরিবেশক প্রভাত তালুকদার ও তাঁর সহযোগী হেলাল মিয়াকেও আটক করে পুলিশ।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, আটকের ঘটনায় আজ বৃহস্পতিবার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বাদী হয়ে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. সেলিম হায়দার মামলাটি করেন।
তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তারফদার জানান, তার উপজেলায় আটকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






















