রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম সোমবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর যাত্রাবাড়ি থানার কাজলা এলাকা হতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মো. বারেক (৩৭), মো. আবুল কাশেম ওরফে জীবন ব্যাপারী (৫৬) ও মো. স্বপন আকন্দ (৪০)।
এ সময় তাদের নিকট থেকে ১ টি দেশীয় তৈরী পিস্তল ১ রাউন্ড পিস্তলের কার্তুজ, ১ টি ডিবি লেখা জ্যাকেট এবং ১টি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি বলেন, ‘ডিবি পরিচয়ে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে’ এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে যাত্রাবাড়ির কাজলা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা প্রাইভেটকার যোগে ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ব্যাংক কিংবা প্রতিষ্ঠানে আগত টাকা বহনকারী কিংবা টাকা উত্তোলনকারী ব্যক্তিকে টার্গেট করে। তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে টার্গেটকৃত ব্যক্তিকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা মাদক দিয়ে মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে গাড়ীতে উঠিয়ে নিয়ে টাকা-পয়সা, মূল্যবান স্বর্ণলংকার ছিনিয়ে নিয়ে নির্জন স্থানে ফেলে পালিয়ে যায়।





















