ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, মাদকাসক্ত ২৬ পুলিশ সদস্যকে চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু হয়েছে।
গতকাল শনিবার মিরপুরের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনারের নতুন কার্যালয় উদ্বোধন শেষে তিনি বলেন, পুলিশ সদস্য যাঁরা মাদকের সঙ্গে সম্পৃক্ত বা মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করছেন, তাঁদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়ে কোনোরকম শিথিলতা দেখানো হচ্ছে না। এভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট বার্তা যাবে যে, কাউকে ছাড় দেওয়া হবে না। এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছেন এবং এ রাস্তা থেকে ফিরে এসেছেন।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন বলেন, গত জুলাই এর মাসিক অপরাধ সভায় সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করানোর জন্য বলা হয়। এরপর ডিএমপির সব ইউনিটে যেসব পুলিশ সদস্যদের সন্দেহ করা হয়েছে তাদের ডোপ টেস্ট করানো হয়। সেই টেস্টেই এই ২৬ জন পুলিশ সদস্যের মাদকাসক্তির বিষয়টি উঠে আসে।






















