অপরাধ ও দুর্নীতি ১৮ নভেম্বর, ২০১৯ ০৪:০৮

বিমানবন্দর থেকে ইয়াবাসহ দুই ছাত্র গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ।।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। দুজনই ফরিদপুর পলিটেকনিকের ছাত্র।

গ্রেফতাররা হলেন- মো. জামিউল ইসলাম (২১) ও মো. আরিফ শিকদার (২৩)।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে নিশ্চিত করেন আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে ওই যাত্রী বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের গাড়ি পার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিল। এ সময় ওই এলাকায় নিরাপত্তায় দায়িত্বরত আর্মড পুলিশের সদস্যরা গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশিকালে জামিউল ইসলামের কাছ থেকে ২ হাজার ৮৫০ পিস ইয়াবা পাওয়া যায়। তারা নভোএয়ারযোগে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় আসেন।

জিজ্ঞাসাবাদে আরিফ শিকদার ৪০ হাজার টাকা দিয়ে জামিউলকে সহযোগিতা করেছেন বলে স্বীকার করেন। তারা ফরিদপুর পলিটেকনিকের ছাত্র। ফরিদপুরের শাহিন তাদের এ কাজে নিযুক্ত করেছে বলে জানান।

জামিউল ফরিদপুর জেলার সালথা থানার কাজির বল্লবদি গ্রামের আবুল হোসেনের ছেলে এবং আরিফ শিকদার গোপালগঞ্জের কাশিয়ানী থানার খায়েরহাট গ্রামের আশরাফের ছেলে বলে বিমানবন্দর আর্মড পুলিশ জানিয়েছে।