অপরাধ ও দুর্নীতি ৭ আগস্ট, ২০১৯ ০৫:১৫

মশা মারার টাকা দিয়ে ডিএসসিসি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ 

ডেস্ক রিপোর্ট ।। 

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রতি বছর কয়েক কোতী টাকা বরাদ্দ দেয়া হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুবাহী এডিস ও কিউলেক্স মশা মারার ওষুধের জন্য। মশার ওষুধ কম ছিটিয়ে সেই টাকায় ডিএসসিসির কর্তা ব্যক্তিরা বিদেশে প্রমোদ ভ্রমণ করেন বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পাওয়ায়, ওষুধের গুণগতমান খারাপ, নিয়মিত ওষুধ না ছিটানো এবং মশক নিধন কার্যক্রম মনিটরিং না করার অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। তারা জানতে পারেন, মশক নিধনের জন্য বরাদ্দ টাকা খরচ করে কর্মকর্তাদের অনেকেই বিদেশ ভ্রমণে যাচ্ছেন।

এ বিষয়ে আরো অভিযোগ উঠেছে, মশা মারার টাকায় গত চার বছর ধরে কর্মকর্তারা বিভিন্ন দেশে ঘুরছেন। যে মুহূর্তে সারা দেশে ডেঙ্গুর মারাত্মক প্রকোপ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে, ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, সেখানে এই মুহূর্তে ডিএসসিসির মশক নিবারণী দফতরের একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তা বিদেশ ভ্রমণে রয়েছেন।

নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে মশক নিধনের জন্য বরাদ্দ বাজেটের টাকা নয়-ছয় হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুদকের একটি তদন্ত দল। দলটি ডিএসসিসির কাছে গত চার বছরের বাজেট ও ব্যয় বরাদ্দের হিসাব চেয়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।