অপরাধ ও দুর্নীতি ৩০ অক্টোবর, ২০১৯ ০৮:১৮

প্রতিবন্ধীর থেকে দাবিকৃত ঘুষের টাকা লেনদেনের সময় ভূমি কর্মকর্তা হাতেনাতে আটক

ডেস্ক রিপোর্ট।।

কক্সবাজারের মহেশখালী উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমানকে অর্থ লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুদকের একটি টিম।

সোমবার (২৯ অক্টোবর) বিকেলে প্রায় দুই লাখ ১০ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক রিয়াজউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় জনৈক ভূমিহীন ও প্রতিবন্ধী ব্যক্তি দুদকের কাছে অভিযোগ করেন, মহেশখালী উপজেলার শাপলাপুর মৌজায় বাবা-মায়ের নামে ভূমিহীন হিসেবে পাওয়া বন্দোবস্তপ্রাপ্ত জমির নামজারি প্রতিবেদনের জন্য আব্দুর রহমান তার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। প্রতিবন্ধী এই যুবকের কোনও অনুরোধেই মন গলেনি আব্দুর রহমানের। ঘুষের টাকা না দিলে প্রতিবেদন দেবেন না বলে সাফ জানিয়ে দেন। 

বিষয়টি ওই প্রতিবন্ধী যুবক লিখিতভাবে দুদককে অবহিত করলে অভিযোগসংশ্লিষ্ট কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দেয় কর্তৃপক্ষ।