ডেস্ক রিপোর্ট।।
দখলের কবলে পড়েছে মুন্সিগঞ্জের ইছামতির শাখা খাল। সিরাজদিখানে খালটির জমি দখল করে চলছে বিভিন্ন স্থাপনা নির্মাণ। এতে হুমকির মুখে পড়েছে শহরের ড্রেনেজ ব্যবস্থা।
কয়েক বছর আগেও মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছামতি নদীর শাখা খালে চলতো নৌকা। বাজারে পণ্য আসতো নৌপথে। কিন্তু পুনর্খনন না হওয়ায় এবং কচুরিপানা জমে এটি পরিণত হয়েছে মরা খালে।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে সিরাজদিখান থানার সীমানার কাছে বালু ভরাট করে খালের জমি দখল করেছেন কয়েকজন দোকান মালিক। পরে এই জমিতে কাঁচা-পাকা স্থাপনাও নির্মাণ করেছেন তারা।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, নানা অনিয়মের মাধ্যমে চলছে এই খালদখল। তাদের অভিযোগ, সঠিক পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, “আমাদের নদীর পাশেই একটি খাল ছিলো। সেই খালে বালি ফেলে ভরাট করে নদী দখল হচ্ছে।“
সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, “সরকারের কোটি কোটি টাকার সম্পদ আত্মসাৎ, প্রশাসন নীরব। তাদের কোনো সঠিক ভূমিকা আমার চোখে আমি দেখছি না।“
এদিকে, খালটি পুনরুদ্ধারে এরইমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার বলেন, “অভিযান চালিয়েছি আমরা, এখন এখানে প্রয়োজনীয় উচ্ছেদের ব্যবস্থা নেয়া হচ্ছে। আশা করি শিগগিরই এই সমস্যার সমাধান হবে।“






















