অপরাধ ও দুর্নীতি ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৫২

খুলনায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ডেস্ক রিপোর্ট।। 

র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ খুলনার ডুমুরিয়ায় বিকাশ (৪০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন র‌্যাব সদস্য।

গতকাল ২৫ সেপ্টেম্বর, বুধবার দিবাগত রাত ১টার দিকে ডুমুরিয়া উপজেলার ধানিবাড়িয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর মেজর আশরাফ। তিনি বলেন, ‘আমাদের নিয়মিত টহল চলাকালীন রাত ১টার দিকে ডুমুরিয়ার ধানিবাড়িয়া এলাকায় মাদক ব্যবসায়ীদের ধাওয়া করলে তারা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।’

তিনি আরো জানান, এক পর্যায়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। স্থানীয়দের কাছ থেকে তার নাম বিকাশ বলে জানা যায়। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ৫৫ বোতল ফেনসিডিল, ২২০ পিস ইয়াবা ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘বিকাশকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেছেন।’ নিহত বিকাশ স্থানীয় কৈয়াবাজার এলাকা বাসিন্দা বলেও জানান তিনি।