অপরাধ ও দুর্নীতি ১০ নভেম্বর, ২০২২ ০৫:১৬

‘বিকেল থেকে রাত পর্যন্ত বুশরার সাথেই ছিলেন ফারদিন’

নিজস্ব প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় তার বান্ধবী বুশরাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রামপুরা থানায় নিহত ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে মামলা করেছেন। ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বুশরাকে। 

দুজনে প্রথমে সিটি কলেজ এলাকায় মিলিত হন। পরে রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি এলাকা ঘুরে বেড়ান। বিকেল ৫টার দিকে ‘ইয়াম চা ডিস্ট্রিক্ট’ নামে একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে ঢাবি ক্যাম্পাস এলাকায় ঘুরেছেন তারা। পরে রাত ১০টার দিকে ফারদিন পরশ ও আয়াতুল্লাহ বুশরা রিকশায় রামপুরা টিভি ভবন এলাকায় আসেন। এরপর থেকেই নিখোঁজ হন বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ। মামলার এজাহার সূত্রে এসব তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে রামপুরা থানা পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন।

এর আগে ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আমাদের কাগজ//জেডআই