অপরাধ ও দুর্নীতি ৫ অক্টোবর, ২০২২ ০৬:১৯

পরিকল্পিত ঝামেলা বাধিয়ে সবকিছু লুটে নিত তারা

নিজস্ব প্রতিবেদক:

পরিকল্পিতভাবে ঝামেলা বাধিয়ে মারধর করতেন ভুক্তভোগীদের। এরপর সবকিছু লুটে নিতেন প্রতারক চক্র। এবার ছিনতাইয়ের চেষ্টাকালে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানাধীন ১৩নং সেক্টরের ১৩নং রোড থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. আল রাজু (২৫) ও মো. সুমন খান (২৯)। 

পুলিশ জানিয়েছে, গ্রেফতাররা রাতে পথচারী কিংবা গাড়িচালকদের সঙ্গে পরিকল্পিতভাবে ঝগড়া লাগান। এরপর কৌশলে তাদের টাকা-পয়সা, মোবাইল, ল্যাপটপ ছিনিয়ে পালিয়ে যান। ইচ্ছাকৃতভাবে ঝগড়া লাগিয়ে ছিনতাই করে বলে স্থানীয়দের কাছে তারা ‘গ্যাঞ্জাম পার্টি’ নামেই পরিচিত। এর আগে একই অভিযোগে দুইটি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। উভয়ই আগে গ্রেফতার হয়েছিলেন, জেলও খেটেছেন।

গ্রেফতার রাজু ঢাকা জেলার তুরাগ থানার ভাবনারটেক এলাকার নুর আলমের ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপর আসামি সুমন পিরোজপুরের কাউখালী উপজেলার রুস্তম আলী খানের ছেলে।

পুলিশ জানায়, ‘গ্যাঞ্জাম পার্টি’র মূলহোতা রাজুর ৮-১০ জনের একটি গ্রুপ আছে। তারা রাতে উত্তরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় আড্ডা দেন। এরপর কোনো পথচারীকে একা পেলে তার সঙ্গে একজন পরিকল্পিতভাবে ধাক্কা খেয়ে ‘এই আমারে ধাক্কা দিলি ক্যান’ বলে ঝগড়া লাগিয়ে দেন। এ সময় বাকিরাও আশপাশ থেকে এসে ওই পথচারীকে মারধর শুরু করে। এরপর তার কাছে থাকা টাকা-পয়সা, মোবাইল হাতিয়ে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, কোনো গাড়িচালককে একা দেখলেও একজন ইচ্ছাকৃতভাবে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে বলে- ‘আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিলি ক্যান’। তারপর ঝগড়া লাগিয়ে দেয়। এরপর মারধর করে সব হাতিয়ে নেয়। গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ১১টায় একই কায়দায় রাজু ও সুমন ঝগড়া লাগান লুৎফুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তির সঙ্গে।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন বলেন, আমরা সব সময় তৎপর আইনশৃঙ্খলা ভঙ্গকারী, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের কাগজ//জেডআই