অপরাধ ও দুর্নীতি ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০৫:৪৯

অ্যাপে হতো ইয়াবা বিক্রি!

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরের লালদিঘীর পাড় এলাকা ধেকে ৩৫০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার তাকে গ্রেফতার করে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আবদুল করিম (৩৯)। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায়।

পুলিশ দাবি করেছে, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে অ্যাপের মাধ্যমে ইয়াবা বিক্রি করে আসছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোরে নিউমার্কেট মোড়ের কাছ থেকে আবদুল করিমকে (৩৯) আটক করা হয়। তখন তার দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ ২৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। আবদুল করিম ইলেকট্রনিক্সের ব্যবসা করে বলে জানা গেছে।

তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করেন। এরপর ইয়াবা ক্রেতাদের সাথে একাধিক অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন। এভাবেই ইয়াবা কারবারি চালাচ্ছিল করিম। আবদুল করিম হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমু, টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহার করে ইয়াবা বিক্রি করতেন।