অপরাধ ও দুর্নীতি ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৩০

কেরানীগঞ্জে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট

ঢাকার অদূরে কেরানীগঞ্জে গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যিনি র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার খেজুরবাগ সাতপাখির স্বপ্নধরা আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে র‌্যাব ১০-এর সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-১০ ধলপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, স্বপ্নধরা আবাসিক এলাকায় মাদকের লেনদেনের খবর পায় র‌্যাব। এর সঙ্গে সাত থেকে আটজন জড়িত ছিলেন। ভোরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হওয়ার খবর শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পাইনি। র‌্যাবও এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি।