অপরাধ ও দুর্নীতি ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:১৪

‘তুই’বলে সম্বোধন করায় কুপিয়ে যুবক হত্যা

ডেস্ক রিপোর্ট।। 

গাজীপুরে কিশোর গ্যাং চক্রের হাতে নূরুল ইসলাম নামে এক কিশোর খুন হয়েছে। মঙ্গলবার বিকেলে মহানগরের রাজদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সিনিয়র এক কিশোর গ্যাং সদস্যকে ‘তুই’ বলে সম্বোধন করার জেরে নূরুল ইসলামকে (১৫) কুপিয়ে ওই চক্রের সদস্যরা হত্যা করে বলে অভিযোগ। 

নিহত নূরুল শেরপুরের শ্রীবর্দী থানার ভাকার্তা এলাকার ফকির আলীর ছেলে। সে একটি চায়ের দোকানে কাজ করতো বলে পরিবার জানিয়েছে। ফকির আলী পরিবার নিয়ে রাজদীঘি পার্শ্ববর্তী টাঙ্কির পাড় এলাকার ফরিদ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। 

পুলিশের ধারণা, নূরুল ইসলাম কিশোর গ্যাং চক্রের সদস্য। সিনিয়র-জুনিয়র নিয়ে সে কিশোর গ্যাংয়ের এক সদস্যের সঙ্গে দ্বন্দ্ব জড়িয়ে পড়েছিল।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফি জানান, ওই চক্রের এক সিনিয়র সদস্যকে ‘তুই ’বলে সম্বোধন করায় নূরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান ও হত্যাকারদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে বলে জানান ওসি।

নিহতের বাবা ফকির আলী জানান, তার এক  ছেলে দুই  মেয়ে। নূরুল ইসলাম সবার বড়। আগে তারা শহরের সাহাপাড়ায় বসবাস করতেন। তিনদিন আগে বাসা পরিবর্তন করে তারা টাঙ্কিরপাড় এলাকায় আসেন।