অপরাধ ও দুর্নীতি ৯ জানুয়ারি, ২০২১ ০৮:২৬

হাজারীবাগে ৪৭ কেজি গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ থানার কোম্পানিঘাট এলাকা থেকে ৪৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার দুপুরে র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- ইব্রাহিম শেখ ওরফে সোনামিয়া শেখ (২৮), সোহেল মোল্লা (৩৫) ও আল হাজ মোল্লা (২০)।

এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টায় র‍্যাব-২ এর একটি দল রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের ট্রাক তল্লাশি করে ৪৭ কেজি গাঁজা, চারটি মোবাইল ও একটি ট্রাক জব্দ করা হয়।

তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।