অপরাধ ও দুর্নীতি ৩১ আগস্ট, ২০১৯ ০৩:৩৪

স্কুলছাত্রীর সঙ্গে জোর করে ছবি তুলে পোস্টারিং ও জিম্মির চেষ্টা

ডেস্ক রিপোর্ট ।। 

বান্দরবানের লামা উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীর সঙ্গে জোর করে ছবি তুলে সেই ছবি দিয়ে এক কিশোর এলাকায় পোস্টারিং করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা ওই কিশোরের বিরুদ্ধে থানায় মামলাও করেছেন।

স্কুলছাত্রীর মা জানান, তার মেয়ে নবম শ্রেণির ছাত্রী। সে গত ২২ আগস্ট স্কুলে যাওয়ার পথে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মামুন (১৫) নামের এক কিশোর তার মেয়েকে জোর করে জড়িয়ে ধরে ছবি তোলে। তার প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে ছেলেটি ছবিগুলো দিয়ে মেয়েকে জিম্মি করার চেষ্টা করে। এরপর মেয়েটি ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিলে মামুন ও তার বন্ধুরা ছবিগুলো প্রিন্ট করে এলাকার বিভিন্ন দেয়ালে লাগিয়ে দেয়। তারা ফেসবুকের মাধ্যমেও ছবিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে।

আরো পড়ুন: ইমামের বিশ্রাম কক্ষ হতে ৩ শিশুর লাশ উদ্ধার

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ২৮ আগস্ট রাতে ছাত্রীর মা বাদী হয়ে লামা থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে ওই কিশোরসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়।

অভিযুক্ত কিশোরের মা বলেন, আমার ছেলে অনেক দিন ধরে বাড়িতেই নেই। তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।

লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, মেয়ের মা মামলা দায়ের করেছেন। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।