নিজস্ব প্রতিবেদক
গেল অক্টোবর মাসেই সারাদেশে ২১৬ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৪টি। গত মাসে শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়ে ১০১ কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানায় সংগঠনটি।
মহিলা পরিষদ জানায়, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে দেখা গেছে ২০২০ সালের অক্টোবর মাসের শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে অক্টোবর মাসে মোট ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ১২ শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ৪ শিশু এবং এসিডদগ্ধের কারণে মারা গেছে ১ জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ২ জন। যার মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ১০ জন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ১২ জন। এরমধ্যে ৮ শিশু। পাচারের শিকার হয়েছে ৪ জন। যারমধ্যে এক শিশু পাচার শিকার হয়েছে। যৌনপল্লীতে ৩ জনকে বিক্রি করা হয়েছে। বিভিন্ন কারণে ১১ শিশুসহ ৪৪ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ৬ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৮ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৫ শিশুসহ ২১ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ৫ শিশুসহ আত্মহত্যা করেছে ৬ জন। ৮ শিশুসহ ৪৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৬টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার ৪ জন শিশুসহ ৮ জন।






















