নিজস্ব প্রতিবেদক
সাভারে ইতালি প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে পাঁচ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা আহত অবস্থায় ওই প্রবাসীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাভারের আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আমানুল্লাহ ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে।
আহতের স্ত্রী সুমা আক্তার বলেন, বাড়ি নির্মাণ করার জন্য আমিন বাজার শাখা ইসলামী ব্যাংক থেকে পাঁচ লাখ ৭০ হাজার টাকা উঠিয়ে ট্যাক্সি যোগে বাড়িতে আসছিলাম আমরা। আমাদের গাড়িটি ভাকুর্তা লোহার ব্রিজ পার হয়ে একটু সামনে গেলে পাঁচটি মোটরসাইকেলযোগে ১০ জন ছিনতাইকারী আমাদের গাড়ির গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা পরপর পাঁচটি গুলি করে এর মধ্যে একটি গুলি আমার স্বামীর বাম পায়ে লাগে।
তিনি আরও বলেন, যে ছিনতাইকারীরা আমাদের গাড়িটি গতিরোধ করে গুলি করে টাকা ছিনিয়ে নেয়, তাদেরকে আমরা ব্যাংকের ভেতরে বসে থাকতে দেখেছি। এদের মধ্যে কয়েকজন আমাদের আশপাশ দিয়ে ঘোরাফেরা করেন এবং আমরা কত টাকা ওঠাচ্ছি তাও তারা পর্যবেক্ষণ করেন। সেখান থেকেই আমাদের পিছু নেন তারা। ছিনতাইকারীরা আমার স্বামীর মাথা ও শরীরসহ বিভিন্ন জায়গায় পাঁচটি গুলি করলেও কোনো শব্দ হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।






















