স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলামকে মেয়েদের ক্রিকেটের প্রধান নির্বাচক পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতদিন এই পদে দায়িত্ব পালন করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান নাদেল চৌধুরী বলেছেন, ‘আমরা মঞ্জুকে মেয়েদের ক্রিকেটের প্রধান নির্বাচক করেছি। তার চুক্তিটা এক বছরের, আর মেয়াদ শুরু নভেম্বর থেকে। তবে চুক্তি বাড়ানোর অপশন থাকবে, সেক্ষেত্রে মূল্যায়ন করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘আমাকে বিসিবি এই প্রস্তাব দিয়ে বলেছিল, আমি আগ্রহী কিনা। আমি তাদের ইতিবাচক জবাবই দিয়েছি। অনেক দিন ধরে বিসিবির সঙ্গে কাজ করতে মুখিয়ে ছিলাম। তাই চ্যালেঞ্জ নিতে অপেক্ষায় আছি।’
উল্লেখ্য, মঞ্জুরুল ইসলাম ক্যারিয়ারে ১৭টি টেস্ট ও ৩৪টি ওয়ানডে খেলেছেন। ২০০৮ সালে বিদ্রোহী ইন্ডিয়ান ক্রিকেট লিগে অংশ নেওয়ার পর থেকে দলে তিনি আর নিয়মিত হতে পারেননি। এরপর থেকেই মনোযোগী হন কোচিং পেশায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হয়ে চীনে ডেভেলপমেন্ট কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।






















