স্পোর্টস ডেস্ক
পাকিস্তানে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট ন্যাশনাল টি-টুয়েন্টি টুর্নামেন্ট। করোনার জন্য কঠোর জৈব সুরক্ষা নিয়ম মেনে মাঠে নামতে হচ্ছে সবাইকে। এরই মাঝে বেশ কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তা নিয়ম না মেনে মাঠে নামায় পড়েছেন সমালোচনার মুখে।
নয়জন খেলোয়াড় ও তিনজন কর্মকর্তা জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের বিপক্ষে এই অভিযোগের সত্যতা পেয়ে মৌখিকভাবে সতর্কের পাশাপাশি ভবিষ্যতের জন্য হুঁশিয়ারিও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এ ব্যাপারে পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের পরিচালক নাদিম খান বলেন, 'নিয়ম ভঙ্গকারীদের সতর্ক করে দেয়া হয়েছে। ভবিষ্যতে ছাড় দেয়া হবে না। বোর্ড অনেক হতাশ, সিনিয়র ক্রিকেটার ও কর্মকর্তারা জৈব সুরক্ষা বলয় ভঙ্গ করেছেন। এর জন্য সবাই স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে।'
তবে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভঙ্গকারীদের নাম প্রকাশ করেনি বোর্ড। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে নিয়ম ভঙ্গকারীদের নাম এসেছে। তারা হলেন-মোহাম্মদ হাফিজ, ইয়াসির শাহ, খুররম মঞ্জুর, কামরান আকমল, সোহেল খান, ফখর জামান, ইমাম-উল-হক, আনোয়ার আলী ও উসমান খান শিনওয়ারি। এছাড়া বাকি তিন কর্মকর্তা হলেন-সাবেক ক্রিকেটার বাসিত আলী, আব্দুল রাজ্জাক ও রশিদ খান।






















