স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।
এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘মেয়েদের ক্রিকেটের প্রস্তুতি ও উন্নয়নে অন্তত পক্ষে ২০২২ সালের শেষ পর্যন্ত কাজ করবেন কোর্টনি ওয়ালশ।’
প্রধান কোচের দায়িত্ব পেয়ে কোর্টনি ওয়ালশ বলেন, ‘আমি সবসময় চেয়েছি এখানে (ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট) ফিরে আসতে, যাতে এই খেলাটির উন্নয়নে সাহায্য করতে পারি। আমার অভিজ্ঞতা, ক্রিকেটীয় জ্ঞান ও যে সব ধরনের দক্ষতা আছে, তা দিয়ে চেষ্টা করবো জয়ের ধারা তৈরি করার।’
তিনি আরও বলেন, ‘এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে কাজ করেছি এবং গত বছর ক্যারিবিয়ানে ভারতের বিপক্ষে সিরিজেও ছিলাম। তাই আমি ভালো করেই জানি কী দরকার। যে দক্ষতা ও প্রতিভা আমাদের আছে, দুর্দান্ত কিছু খেলোয়াড়ও আছে, সবকিছু মিলিয়ে আমরা তাদের প্রতিভা কাজে লাগিয়ে মেয়েদের ক্রিকেটকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো।’





















