খেলাধুলা ২ অক্টোবর, ২০২০ ০৮:০৫

মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিলো উয়েফা

ডেস্ক রিপোর্ট

সদ্য শেষ হওয়া উয়েফা সুপার কাপের ফাইনালে কিছু দর্শকের দেখা মিললেও পুরো ইউরোপীয় ফুটবল জুড়ে দর্শক শূন্য মাঠেই খেলতে নেমেছিল দলগুলো। এবারে বাকি ম্যাচগুলোতে দর্শকদের ফেরানোর অনুমতি দিয়েছে উয়েফা।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হওয়া উয়েফা সুপার কাপের ফাইনাল ম্যাচে মাত্র  এক তৃতীয়াংশ দর্শক নিয়েই খেলতে নেমেছিল বায়ার্ন ও সোভিয়া।

ফাইনাল ম্যাচের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ বা শহর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রতি স্টেডিয়ামে ৩০ শতাংশ দর্শক উপস্থিতির অনুমতি দিয়েছে উয়েফা। আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতেই এই নিয়ম চালু করা হবে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কর্তারা চান, খুব শিগগিরই মাঠে দর্শক ফিরে আসুক। দর্শকশূন্যতার কারণে এতদিনের ফুটবলের অর্থনীতি মন্দাটা কিছুটা কাটিয়ে উঠতে পারবে বলে তাদের বিশ্বাস।

তবে খেলা উপভোগ করার পুরো সময়টা দর্শকদের বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এছাড়া স্থানীয় প্রশাসনের ঘোষিত নীতিমালা অনুযায়ী মাস্কসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে হবে।