ম্যানচেস্টার সিটির রক্ষণভাগ নিয়ে নিশ্চিন্ত নয় পেপ গার্দিওলাক। সেই ২০১৬ সালে ক্লাবটাতে আসার পর থেকে যে রক্ষণকে গোছানোর চেষ্টা করে যাচ্ছেন। তাতেও এখনো যেন শেষই হচ্ছে তাঁর রক্ষণ গোছানো।
গত মৌসুমে লিভারপুলের কাছে ম্যান সিটির লিগ শিরোপা হারানোর বড় কারণ হিসেবে দেখানো হয় সিটির রক্ষণের ভুলকে। এবার ডিফেন্ডার কেনায় আরও কোটি কোটি টাকা ঢেলেছেন গার্দিওলা। কিন্তু লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই আজ ধাক্কা খেল সিটি। ধাক্কা বলতে লজ্জার হারই। পাঁচ গোল খেয়েছে সিটি! নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লেস্টার সিটির কাছে আজ গার্দিওলার দলের হার ৫-২ গোলে।
১২ বছরের কোচিং ক্যারিয়ারে তিনটি নামকরা দলকে কোচিং করিয়েছেন গার্দিওলা। এর আগে তাঁর অধীনে ৬৮৫টি ম্যাচ খেলেছে ক্লাবগুলো। কিন্তু এক ম্যাচে পাঁচ গোল খাওয়ার অভিজ্ঞতা এই প্রথম গার্দিওলার।
লেস্টারের হয়ে দারুণ হ্যাটট্রিক করেছেন জেমি ভার্ডি। ভার্ডির তিন গোলের দুটি পেনাল্টি থেকে, সিটি পাঁচ গোলের মধ্যে মোট তিনটি খেয়েছে পেনাল্টি থেকে। প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে একই ম্যাচে পেনাল্টি থেকে তিন গোল করল লেস্টার।
আজকের ম্যাচে চরম ডিফেন্ডারের অভাবে ভুগলেন গার্দিওলা। এক সেন্টারব্যাক জন স্টোনস চোটে, আর লাপোর্ত মাত্রই চোট থেকে উঠে এসে কদিন হলো অনুশীলন করছেন। দুজনকে একাদশে না রেখে তাই আকের সঙ্গে তরুণ এরিক গার্সিয়াকে সেন্টারব্যাকের জুটি হিসেবে রেখেছিলেন গার্দিওলা।
একদিকে রক্ষণ গোছাতে পারছেন না গার্দিওলা, তারওপর আক্রমণভাগেও চোটের চোটপাট। সের্হিও আগুয়েরো হাঁটুর অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ফিরতে আরও মাস দুয়েক লাগবে, নতুন করে চোটে দু-তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন আরেক স্ট্রাইকার গাব্রিয়েল জেসুসও। উপায় না দেখে তাই রিয়াদ মাহরেজকে মূল স্ট্রাইকার হিসেবে রেখেই একাদশ গড়েছেন গার্দিওলা।
ম্যাচের শুরুতে অবশ্য কে অনুমান করতে পেরেছিল, গার্দিওলার দল এভাবে অসহায়ভাবে হারবে! ৪ মিনিটেই বক্সের ডান দিক থেকে মাহরেজের গোলার মতো শটে সিটি এগিয়ে যায়। মনে হচ্ছিল, সিটিই বুঝি গোল উৎসব করবে। কিন্তু কোথায় কী! জেমি ভার্ডি যে অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিলেন।






















