খেলাধুলা ৩০ নভেম্বর, ২০১৯ ১২:১০

পেইন কৃপায় রক্ষা পেলেন ইয়াসির শাহ!

স্পোর্টস ডেস্ক।।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে গড়েছেন একাধিক রেকর্ড। অন্যদিকে এ ম্যাচে স্মিথও গড়েছেন দ্রুততম ৭ হাজার রান করার রেকর্ড। সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্নাস লেবুশেইনিও।  

গোলাপি বলের এ টেস্টে রানের ফুলঝুরি ছড়িয়ে একের পর এক রেকর্ড গড়েছে অজি ক্রিকেটাররা। অন্যদিকে অল্পের জন্য একাধিক রেকর্ডের মালিক হতে পারলেন না পাকিস্তানি বোলার ইয়াসির শাহ। তবে সে রেকর্ডগুলো লজ্জার। বরং টিম পেইন ইনিংস ঘোষণা করায় লজ্জার সেই রেকর্ডগুলো থেকে রক্ষা পেয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলবেন ইয়াসির।

টেস্টে দু-হাতে রান দেওয়ার ব্যাপারে ইয়াসির যেন একটু বেশিই উদার। তাই একমাত্র বোলার হিসেবে ইতোমধ্যেই ইনিংসে তিনবার ২০০’র বেশি রান দিয়েছেন তিনি। এছাড়া দুইবার করে ২০০’র বেশি রান দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ভারতের ভিনু মানকর ও পাকিস্তানের সাকলাইন মুস্তাকের।

চতুর্থ অনাকাঙ্ক্ষিত এ ডাবল সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতেই ইনিংস ঘোষণা করে দিয়েছে অজি অধিনায়ক পেইন। নয়তো ম্যাচে যে গড়ে তিনি রান দিচ্ছিলেন আর এক ওভার করলেই নিজের লজ্জার রেকর্ডকে আরও সমৃদ্ধ করতেন ইয়াসির।

এর আগে, প্রথম টেস্টে এক ইনিংস বোলিং করার সুযোগ পেয়ে ইয়াসির দিয়েছিলেন ২০৫ রান। এ ইনিংসে টিম পেইন তাকে লজ্জা থেকে না বাঁচালে এক সিরিজে দুইবার ইনিংসে ২০০ রান দেওয়ার লজ্জার রেকর্ড গড়তেন তিনি।

এছাড়া ম্যাচে ইয়াসিরের বোলিং ফিগার ৩১-১-১৯৭-০, ওভারপ্রতি রান দিয়েছেন ৬.১৫। ওয়ানডেতেও এ গড় ব্যয়বহুল। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ১৫০’র বেশি রান দেওয়া বোলারদের মধ্যেই এটি দ্বিতীয় সর্বোচ্চ গড়। এর আগে অজিদের মাটিতে ২৩ ওভার বলে করে সর্বোচ্চ ৭.৮ গড়ে ১৮০ রান দেওয়ার অভিজ্ঞতা রয়েছে দক্ষিণ আফ্রিকার বোলার ইমরান তাহিরের।

এক টেস্ট সিরিজে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড সাবেক ইংলিশ পেসার অ্যালেক বেডসারের। তিনি এক সিরিজে ৪৮৮ রান দিয়েছিলেন। তবে সে সিরিজ ছিল তিন টেস্টের। দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ রান দেওয়ার লজ্জার রেকর্ড গড়েছেন ইয়াসির। দুই টেস্টের এ সিরিজে মাত্র ২ ইনিংস বোলিং করার সুযোগ পেয়েই তিনি দিয়ে ফেলেছেন ৪০২ রান। পাকিস্তানি ব্যাটসম্যানদের কল্যাণে যদি অস্ট্রেলিয়াকে আবার ব্যাটিং করতে নামতে হয়, তবে বেডসারকেও পেছনে ফেলতে পারেন ইয়াসির।