খেলাধুলা ২৭ নভেম্বর, ২০১৯ ০৪:২৫

ব্যাটিং পজিশন নিয়ে সন্তুষ্ট নন আফিফ

স্পোর্টস ডেস্ক।। 

আফিফ হোসেন ধ্রুব বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সম্ভাবনাময় ব্যাটিং অলরাউন্ডার। বেশ আশা জাগিয়ে ডাক পেয়েছেন দলে। গেল বছর টি-টুয়েন্টিতে অভিষেক হয় তার। অভিষেকটা ভালোভাবে না রাঙাতে পারলেও বয়সভিত্তিক আর ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন চলতি বছর ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে।

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দলকে জিতিয়েছেন বেশ কঠিন পরিস্থিতি থেকে। এরপর অবশ্য আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ত্রিদেশীয় সিরিজের পর ভারত সফরের টি-টুয়েন্টি সিরিজেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি আফিফ।

বেশিরভাগ সময় অবশ্য আফিফকে নামতে হয়েছে শেষদিকেই, নিজেকে মেলে ধরতে না পারার পেছনে আফিফ সেটিকেও কারণ হিসেবে দেখছেন। আফিফ বলেন, ‘ব্যক্তিগতভাবে বলতে গেলে ভারত সিরিজে আমি শেষের দিকে সুযোগ পেয়েছি, দুই-তিন ওভার থাকে। ওখানে আসলে করার কিছু থাকে না। তারপর আমি ইমার্জিং কাপ খেললাম, তিনটা ম্যাচ সুযোগ পেয়েছি ভালো করেছি। যেটা আমাকে সামনে অনেক আত্মবিশ্বাসী করবে।’

ইমার্জিং এশিয়া কাপে ব্যাট করেছেন পাঁচ নম্বরে, তিন ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে কোনো ফিফটি না পেলেও ধারাবাহিকতা বজায় রেখেছেন ব্যাট হাতে (৩৪*, ৪৫* ৪৯)। 

উপরের দিকে ব্যাট করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন জানালেও দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত উল্লেখ করে আফিফ বলেন, ‘টপ অর্ডারে তো আমি অবশ্যই কমফোর্ট ফিল করি, কারণ ওই সময়টায় খেললে আমার জন্য সহজ হয়ে যায়। অনেক সময় নিয়ে ব্যাটিং করতে পারি।’

আগামী ১ ডিসেম্বর থেকে নেপালে শুরু হতে যাওয়া এসএ গেমসে অংশ নিতে বাংলাদেশ দল মিরপুরে শুরু করেছে অনুশীলন। ইমার্জিং এশিয়া কাপের বেশিরভাগ খেলোয়াড় নিয়েই হবে এসএ গেমসের বাংলাদেশ স্কোয়াড। সবশেষ ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারলেও আফিফদের লক্ষ্য এসএ গেমস চ্যাম্পিয়ন হওয়া—‘আমাদের লক্ষ্য হলো চ্যাম্পিয়ন হওয়া ওখানে, তার আগের লক্ষ্য হলো প্রত্যেকটি ম্যাচ গুরুত্ব সহকারে নিয়ে ভালোভাবে শেষ করে যেন ফাইনালে যেতে পারি।’