স্পোর্টস ডেস্ক।।
উইন্ডিজ তারকা ক্রিকেটার ক্রিস গেইল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) বিগত সব আসরই মাতিয়েছেন। ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু বিপিএলেও দল পেয়েছেন ক্যারিবিয়ান মহাতারকা। তাকে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে গেইল নাকি মনস্থির করেছেন ক্রিকেট থেকে দূরে থাকবেন সামনের কয়েক মাস। তাতে বিপিএলে এ ব্যাটিং পাওয়ারকে পাওয়া নিয়ে জেগেছে অনিশ্চয়তা।
বিপিএলের ড্রাফটে কীভাবে নাম এলো গেইল নিজেই নাকি জানেন না। সংবাদমাধ্যমে এমন তথ্য জেনে বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী দাবি করেছেন, যথাযথ প্রক্রিয়া মেনেই অন্তর্ভুক্ত করা হয়েছে গেইলকে। শুনিয়েছেন তাকে পেতে আশাবাদের কথাও।
‘আমি কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ব্যাপারে বলব না, আপনাদের প্রক্রিয়াটা বলি। জাতীয় দলের কোনো খেলোয়াড়ের নাম যখন আসে আমরা স্ট্যান্ডার্ড প্রক্রিয়া অনুসরণ করি। খেলোয়াড় বা খেলোয়াড়ের এজেন্ট আগ্রহ দেখালে তার নাম চলে আসে এবং এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আপনারা বলার পরে আমরা চেক করে দেখেছি এটা প্রক্রিয়া মেনেই করা হয়েছে।’
বিপিএলে গেইলকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় বিসিবি বিস্মিত কিনা এ প্রশ্নের জবাবে নিজামউদ্দিন বলেন, ‘আসলে আমরা অবগত না যে কোন পরিস্থিতিতে এই কথাটা এসেছে। আমরা চেক করছি। খেলোয়াড়দের এজেন্ট যারা আছেন তাদের সাথে যোগাযোগ হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দলের সঙ্গে এজেন্টদের যোগাযোগ হচ্ছে। আশা করছি ঠিক হয়ে যাবে।’






















