খেলাধুলা ২৬ নভেম্বর, ২০১৯ ০১:৫৮

এক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে মাহমুদুল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক।। 

সদ্য সমাপ্ত ইডেন টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে ১ সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ কথা গণমাধ্যমকে জানিয়েছেন।

সম্প্রতি জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার চোটে পড়েছেন। তাদের মধ্যে আছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, নারী দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। মঙ্গলবার বিসিবি কার্যালয়ে তাদের সবশেষ অবস্থা সংবাদমাধ্যমকে জানান ডাক্তার দেবাশীষ।

দেবাশীষ চৌধুরী বলেন,‘ওর ইনজুরিটা হচ্ছে গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরি। সে গতকাল স্ক্যান করিয়েছে আমরা এখনও রিপোর্ট হাতে পাইনি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুব অল্প মাত্রার হ্যামস্ট্রিং হলেও আমরা ৭ দিনের বিশ্রাম বেঁধে দেই। বিশ্রাম নেয়ার জন্য, রিহ্যাব করার জন্য। ফিট না হয়ে খেলায় ফিরলে আবার ইনজুরিতে পরার সম্ভাবনা থাকে। একই ইনজুরি ওই জায়গাতে হলে সারতে সময় নেয়। আমাদের প্রধান কাজ হচ্ছে ওর দ্বিতীয় ইনজুরিটা আটকানো। কারণ একই জায়গায় দ্বিতীয়বার চোট পেলে ফিরতে দিগুন সময় লাগতে পারে। এতে এক মাসের মতো সময় লেগে যায়। আর তৃতীয়বার লাগলে খেলোয়াড়ের ওই মৌসুম মিস করার একটা সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ইনজুরিটা যেন দ্বিতীয়বার না হয় সেটার ব্যবস্থা করা।’